ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০৬:২৩:০৭ PM

আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ:তারেক রহমান

স্টাফ রিপোটার ।। ঢাকাপ্রেস২৪.কম
18-01-2026 09:54:39 PM
আগামী নির্বাচন অত্যন্ত  গুরুত্বপূর্ণ:তারেক রহমান

একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী সংসদ নির্বাচন ‘অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকা জরুরি। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের নিয়ে রাজধানীতে এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান এসব বলেন। ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান অতিথি সারিতে শহীদ পরিবারের সঙ্গে বসেন।
 
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন তাদের উদ্দেশ্য কী ছিলো? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত, অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাঁথা চলতে থাকবে। আর শোক গাঁথা বা শোক সমাবেশ নয়। বরং আসুন গণতন্ত্রকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয়ের গাঁথা রচনা করবে ইনশাল্লাহ।
 
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলন এবং ২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত এবং হতাহতের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপি সেই দায়িত্ব অনুভব করে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই পরযায়ক্রমিক ভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ আমরা পুরণ করব।  
 
শহীদ পরিবারের সদস্যরা তাদের মনের বেদনা-কষ্টের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লে পুরো অনুষ্ঠানস্থল এক অন্যরকম পরিবেশ সষ্টি হয়। তারেক রহমান আলোচনার এক পরযায় আহতের আর্তি  শুনতে মঞ্চের নিজের আসন ছেড়ে সামনে এসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সান্তনা দেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এক বক্তব্যে হয়তো আমরা সকলের নাম বলতে পারবো না। এত মানুষ শহীদ হয়েছেন, এত মানুষ আহত হয়েছেন। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে ২৪  সালের গণঅভ্যুত্থানে দল ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী-পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। সেদিনকার ক্যামেরায় বন্দি যত ছবি উঠেছে প্রত্যেকটি ছবি এই কথারই সাক্ষ্য দেয়। 

 ২৪ সালের শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপির চেয়ারম্যান।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সহ দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা বক্তব্য দেন।