ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
সময়: ০৮:১৭:১৩ PM

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
11-06-2026 06:00:00 AM
দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

দেশের যোগাযোগ অবকাঠামো আরও শক্তিশালী করতে দ্বিতীয় যমুনা সেতু ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে এটি অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের অংশ হিসেবে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু ও ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর চার লেনে উন্নীতকরণ, প্রায় ৩ হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার সম্ভাব্য করিডোর চিহ্নিতকরণ এবং সমন্বিত যোগাযোগ কাঠামো উন্নয়নের কার্যক্রম চলমান রয়েছে।

সরকারের মতে, যোগাযোগ খাতে এসব বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।