ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
সময়: ০৬:৪৭:২৮ PM

জনমত উপেক্ষা করে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচন

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
13-11-2026 06:23:20 PM
জনমত উপেক্ষা করে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচন

ইউএনও সম্মেলন ২০২৬ উপলক্ষে মাঠ প্রশাসন থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচনের জন্য নির্ধারিত মূল্যায়ন ছক ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ ও সমালোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে বর্তমান মূল্যায়ন ছকটি সম্পূর্ণ আমলাতান্ত্রিক ও জনবিমুখ। যেখানে কার্যকারিতা ও স্বচ্ছতার চেয়ে পক্ষপাতিত্বের সুযোগই বেশি।
​জনপ্রতিনিধিদের মতামতের সুযোগ নেই
​মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্কার শাখা থেকে জারিকৃত নির্দেশনা ও সংযুক্ত মূল্যায়ন ছকে। পর্যালোচনা করে দেখা যায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচনে মাঠ পর্যায়ে কোনো বাছাই কমিটি বা রিভিউ প্যানেল নেই। যেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের মতামত প্রদানের সুযোগ পেতে পারেন। স্থানীয় জনগণের সরাসরি প্রতিনিধিদের বাদ দিয়ে শুধুমাত্র জেলা প্রশাসকদের একক মূল্যায়নের ওপর নির্ভর করায় এই নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ​সংযুক্ত মূল্যায়ন ছকটিতে মোট ১০০ নম্বরের বিভাজন দেওয়া হলেও সেখানে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সূচক সম্পূর্ণ অনুপস্থিত রয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশ্লেষকদের মতে বর্তমান সময়ের বাস্তবতায় মাঠ প্রশাসনের কার্যক্রমে সাহসিকতা, মাদকবিরোধী কর্মকাণ্ড, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল মিডিয়ায় বা ডিজিটাল মাধ্যমে জনগণের মতামতের মূল্যায়নের জন্য কোনো নম্বর বা সূচকের ব্যবস্থা রাখা হয়নি। ফলে জনমুখী ও সাহসী উদ্যোগগুলো মূল্যায়নের বাইরে থেকে যাচ্ছে। ​জেলা পর্যায়ে মাত্র একজন করে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচন করার বিধান থাকায় বৈষম্যের শিকার হচ্ছেন অনেকে। আশংকা করা হচ্ছে এর ফলে অধিকতর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী অনেক নারী ইউএনও জেলা প্রশাসকদের ব্যক্তিগত পছন্দ বা অনুকম্পার তালিকার বাইরে পড়ে যাচ্ছেন। এতে করে মাঠ প্রশাসনে নারী কর্মকর্তাদের কাজের যথাযথ স্বীকৃতি ব্যাহত হচ্ছে।  
​বিশ্লেষক ও ​সংশ্লিষ্ট মহলের মতে কমিটিহীন এবং জনগণের মতামতের প্রাধান্য ছাড়া এই ধরনের শ্রেষ্ঠত্ব নির্বাচন প্রক্রিয়া নিছক সময় নষ্ট এবং আমলাতান্ত্রিক পক্ষপাতিত্ব টিকিয়ে রাখার একটি আয়োজন মাত্র। জনপ্রতিনিধিদের মতামত ব্যতিত একটি স্বচ্ছ কমিটি ছাড়া এ ছকটির মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়াটি অনেকটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এসিআর প্রদানের মতো হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় পর্যায়ে ইউএনও সম্মেলনের মতো এ ধরণের একটি আয়োজনের এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে বর্তমান জনআকাঙ্ক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই ত্রুটিপূর্ণ মূল্যায়ন ছক ও নির্বাচন প্রক্রিয়াটি জেলা হতে সকল স্তরে একটি কমিটির মাধ্যমে পরিবর্তন করা প্রয়োজন যাতে জনগণের প্রকৃত সেবা প্রদানকারী এবং সৎ কর্মকর্তাবৃন্দ যথাযথ মূল্যায়ন পান।