ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬,
সময়: ১১:৫১:০৭ PM

ব্রাজিলের বিদায়ে যা বললেন তটিনী

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.গেম
06-07-2026 07:25:54 PM
ব্রাজিলের বিদায়ে যা বললেন তটিনী

বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। প্রিয় দলের এমন বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি ব্রাজিল-সমর্থক। সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও। ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে প্রিয় দলের প্রতি নিজের অটুট ভালোবাসার কথা জানান তিনি।ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সঙ্গেই থাকব।’

তটিনীর পোস্টে ব্যবহৃত ছবিতেও ফুটে উঠেছে তার আবেগ। এক হাত দিয়ে চোখ ঢেকে রাখা সেই ছবিতে যেন প্রিয় দলের বিদায়ের বেদনা লুকানোর চেষ্টা করেছেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের হতাশার প্রকাশ ঘটান এই অভিনেত্রী।পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে তার ফেসবুক। অনেকেই তাকে সান্ত্বনা জানিয়ে লিখেছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। আবার অনেকেই জানিয়েছেন, ফল যাই হোক না কেন, ব্রাজিলের প্রতি তাদের সমর্থন কখনো কমবে না।

মাসুদ রানা রাজ মাসুদ নামে একজন লিখেছেন, ‘যারা ব্রাজিল সাপোর্টার, তারা জীবনেও অন্য দলে যাবে না। জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। ইনশাআল্লাহ আবার দেখা হবে ২০৩০ সালে। শুভকামনা সবসময় প্রিয় দল ব্রাজিলের জন্য।আরেকজন মন্তব্য করেন, ‘আমরা ম্যাচ হেরেছি, তাতে কোনো দুঃখ নেই। আমাদের বস নেইমার তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে পেরেছে, এটাতেই আমরা খুশি।’

শুধু তটিনী নন, ব্রাজিলের বিদায়ের পর দেশের শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হতাশার কথা জানিয়েছেন। কেউ প্রিয় দলের লড়াইয়ের প্রশংসা করেছেন, কেউ আবার আগামী বিশ্বকাপের অপেক্ষায় থাকার কথা লিখেছেন।

তবে তটিনীর বার্তাটি যেন সব ব্রাজিল- সমর্থকের মনের কথাই প্রকাশ করেছে। জয় বা পরাজয়, ট্রফি আসুক কিংবা না-আসুক-প্রিয় দলের প্রতি ভালোবাসা যে কমে না, সেটিই জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।’