ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
সময়: ০২:৫৮:১২ AM

আওয়ামী লীগ ঠেকাতে ঐক্যে যাবো না:নাহিদ ইসলাম

স্টাফ রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
22-11-2026 09:21:06 PM
আওয়ামী লীগ ঠেকাতে ঐক্যে যাবো না:নাহিদ ইসলাম

শুধু আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় এনসিপি যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আমরা অংশ নেবো না।

তিনি বলেছেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেবো।কিন্তু যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।’

নাহিদ ইসলাম বলেন, আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।

তিনি বলেন, জাতীয় ঐক্যর অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার সরকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমে জাতীয় ঐক্যর শুরু করতে হবে, যেন আমরা আশ্বস্ত হই। আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়ে আসবো।