ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬,
সময়: ০১:০২:৩৬ PM

মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ

মুঞ্জুরুল হক, জেলা প্রতিনিধি, শেরপুর:
14-01-2026 06:46:00 PM
মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। বুধবার (১৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র জমা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কাঁদতে শুরু করে দেন এই প্রার্থী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে হাইকোর্টে রিট করেন আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমোদন দেন। পরে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ বিষয়ে জানতে আব্দুল্লাহ বাদশাকে ফোন দিলে তিনি বলেন, সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নিলে আমি হাইকোর্টে রিট করি। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে আজ বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। দু-একদিনের মধ্যেই মনোনয়ন বৈধতা বিষয়ে ফলাফল পেয়ে যাব। নতুন কোনো সমস্যা না হলে আমি শেরপুর-২ আসন থেকে ঈগল পাখি প্রতীকে নির্বাচন করব, ইনশাআল্লাহ।