আইপিএলের ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহার করতে দেখা যাওয়ায় শাস্তির মুখে পড়তে পারেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে পারে বলে জানা গেছে।মঙ্গলবার চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে ড্রেসিংরুমে ভ্যাপিং করতে দেখা যায়। ঘটনাটির ছবি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয় এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেট উৎপাদন, আমদানি, বিক্রি ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ব্যক্তিগতভাবে রাখা বা জনসমক্ষে ব্যবহার করাও বেআইনি।
এই আইনের লঙ্ঘনে সর্বোচ্চ ৫ লাখ রুপি (প্রায় ৬ হাজার মার্কিন ডলার) জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে।
এই ম্যাচে পরাগ ২৯ রান করেন এবং তার দল রাজস্থান রয়্যালস ২২২ রানের বড় লক্ষ্য তাড়া করে টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসকে হারিয়ে দেয়।
এটি ছিল চলতি মৌসুমে পাঞ্জাবের প্রথম পরাজয়।
তবে ব্যক্তিগত পারফরম্যান্সে খুব একটা ভালো সময় কাটছে না পরাগের। এবারের আসরে ৯ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১১৭ রান, গড় ১৪.৬২।
আইপিএলের আচরণবিধি ভঙ্গ এবং তরুণদের জন্য খারাপ উদাহরণ স্থাপনের কারণে বিসিসিআই তার বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। সম্প্রতি ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় দলটির ম্যানেজার রবিন্দর সিং ভিন্দারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।