ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬,
সময়: ০৪:২৯:৪১ AM

বাকেরগঞ্জে জমি বিরোধে হামলা, বৃদ্ধ নিহত

ষ্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
16-05-2026 01:04:42 PM
বাকেরগঞ্জে জমি বিরোধে হামলা, বৃদ্ধ নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে।আহতরা হলেন— নিহতের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫), দেলোয়ার হাওলাদার (৫০), ভাগিনা মিজানুর রহমান (৪০) ও খবির শিকদার (৫০)। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হালিম হাওলাদারের মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, দেলোয়ার হাওলাদারের ক্রয়কৃত একটি জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, আউয়াল মেম্বার ও উজ্জ্বল গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার ওই জমিতে বালু ভরাট করতে গেলে বিকেল ৩টার দিকে রিপন ও আউয়াল মেম্বারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র, রড, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীদের আঘাতে হালিম হাওলাদার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে বাঁশ দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ করেন স্বজনরা।

নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, “আমার ক্রয়কৃত জমিতে বালু ভরাট করতে গেলে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে আমার বড় ভাইসহ কয়েকজন আহত হন। পরে আমার ভাই মারা যান।”

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে আবুল হোসেন খান নিহতের মরদেহ দেখতে হাসপাতালে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তিনি পুলিশকে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।