প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।”শনিবার (১৬ মে) দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু স্বপ্ন দেখতে চায় না, বরং এমন পরিকল্পনা গ্রহণ করতে চায় যা বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, “আমরা এমন পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে।”
খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman খাল পুনঃখননের যে উদ্যোগ শুরু করেছিলেন, বর্তমান সরকার সেই কাজ এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, “আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, দেশকে সামনে এগিয়ে নেওয়ার কাজে একসঙ্গে অংশ নেব।”
তিনি আরও বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খননের গুরুত্ব অনেক বেশি। “এই খাল খনন না করলে কৃষকরা পানি পাবে না। খাল খনন হলে কৃষক ভাইয়েরা সেচ সুবিধা পাবে এবং উৎপাদন বাড়বে,” বলেন তিনি।
প্রধানমন্ত্রী কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের সাহায্য করে, আমি তাকে সাহায্য করি।” তিনি দেশ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জনগণই বিএনপির শক্তির উৎস। “আপনারাই আমাদের শক্তি। যতদিন জনগণের সমর্থন থাকবে, ততদিন দেশ গড়ার কাজ চলবে,” বলেন তিনি।
দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের শপথ হোক— আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।”
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী খোর্দ্দ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তিনি ফলক উন্মোচন, কোদাল দিয়ে মাটি কাটা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মমিনুল হক, জেলা বিএনপির সদস্যসচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সহসভাপতি আবু ইউসুফ রুপমসহ স্থানীয় নেতারা।