জুনের ৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। এবারের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ও পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।তামিম বলেন, ‘ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে।’ তিনি আরও জানান, নির্বাচনী প্রক্রিয়ায় ব্যক্তিগত সুবিধা থাকলেও সেটি ভোটে প্রভাব ফেলবে না।তামিমের ভাষায়, ‘আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করব না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওইভাবে উনাদের (ভোটার) সাথে মিশতে হবে, উনাদের বুঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী!’
নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে দূরে রাখার কথাও স্পষ্ট করেন তামিম। তিনি বলেন, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনী কাজ) থেকে সরিয়ে নিয়েছি। জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোন চিঠিও সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’