বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সঙ্কট ধীরে ধীরে বাড়ছেই। যুক্তরাষ্ট্র গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না ইরান, ফিফার কাছে ইরান দাবি জানিয়েছিল, মেক্সিকোয় তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য। যদিও ফিফা তাতে সাড়া দেয়নি। তবে, বিশ্বকাপের আগে ইরানের যে বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে, সেটা আপাতত সেখান থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে গেছে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এই তথ্য জানিয়েছেন।ইরান ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাজ জানান, ফিফার অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আগে বিশ্বকাপ চলাকালীন ইরানের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের কারণে ক্যাম্প সরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল।টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, এখন দলটির বেস ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগোর ঠিক দক্ষিণে অবস্থিত। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ বিশ্বকাপ। এবারের আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিবৃতিতে মেহদি তাজ বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যক্রমে আমরা যে আবেদন জমা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করেছি, পাশাপাশি তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে গতকাল যে ওয়েবিনার বৈঠক হয়েছে- তার পরিপ্রেক্ষিতে আমাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর আবেদন অনুমোদন পেয়েছে।’
বিশ্বকাপে ‘গ্রুপ জি’-তে খেলবে ইরান। দলটি ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এর ছয়দিন পর একই ভেন্যুতে প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।