ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬,
সময়: ১১:৪৬:২৫ PM

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আর্সেনালের প্রথম নাকি পিএসজির টানা দ্বিতীয় শিরোপা?

এম ডি আসাদুল্লাহ,ডেস্ক রিপোট
30-05-2026 01:39:15 PM
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আর্সেনালের প্রথম নাকি পিএসজির টানা দ্বিতীয় শিরোপা?

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র নয়টি দল পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে। দশম দল হিসেবে সেই কীর্তি গড়ার বড় সুযোগ রয়েছে আর্সেনালের সামনেও। এই পথে তাদের শেষ বাধা ফাইনালের প্রতিপক্ষ ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালটি ফিরিয়ে আনছে গত মৌসুমের সেমিফাইনালের স্মৃতি। যখন লুইস এনরিকের দল দুই লেগেই জয় পেয়ে ৩-১ ব্যবধানে আর্সেনালকে বিদায় করেছিল আসর থেকে। পরে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগ জেতে পিএসজি।তবে এই প্রতিযোগিতায় দুই দলের পাঁচ লড়াইয়ে দুটি জয়ই পিএসজির। অন্যদিকে আর্সেনাল একটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ হয়েছে ড্র।

ফাইনালে ওঠার পথে দুই দলের যাত্রা ছিল একেবারেই ভিন্ন। মির্কেল আর্তেতার আর্সেনালের রক্ষণভাগ দারুণ নৈপুণ্য দেখিয়েছে এখন পর্যন্ত। তারা নয়টি ক্লিন শিট রেখেছে এবং মাত্র চারটি গোল হজম করেছে লিগ পর্বে।ফাইনালে ওঠার আগে তারা অ্যাটলেটিকো মাদ্রিদ,বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে। এরপর নকআউট পর্বে বায়ার লেভারকুসেন, স্পোর্টিং এবং আবারও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াই পেরিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

অন্যদিকে প্যারিসের ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছিল বেশ আক্রমণাত্মক। তাদের করা ৪৪ গোল ১৯৯৯-২০০০ মৌসুমে বার্সেলোনার করা এক মৌসুমে সর্বোচ্চ ৪৫ গোলের রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি। এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন খভিচা কাভারাটস্খেলিয়া। পুরো আসরে তিনি ১০ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে নকআউট পর্বেই করেছেন ৭ গোল।

পিএসজি এর আগে আটালান্টা, বায়ার লেভারকুসেন, বার্সেলোনা ও টটেনহামকে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। পরে নকআউটে চেলসি এবং লিভারপুলকে বিদায় করে ফাইনালে পৌঁছায়।আর্সেনালের উন্নতির গল্পটিও কম চমকপ্রদ নয়। ২০২৩-২৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনাল, ২০২৪-২৫ মৌসুমে সেমিফাইনাল খেলে ক্লাবটি। এবার ২০ বছর পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে তারা।