ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সময়: ১১:৩৮:৫৩ PM

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা

এমডি আসাদুল্লাহ,সিনিয়র রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
31-05-2026 12:55:51 PM
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি। ঠিক এই মুহূর্তে একের পর এক চোটের খবরে বড় ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দুশ্চিন্তা এখন অনেকটাই বেড়েছে। সর্বশেষ ধাক্কা এসেছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের চোটে। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না। বিশ্বকাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণও এখন অনিশ্চিত।এর আগে লিওনেল মেসিকে নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন তিনি। তবে পরীক্ষায় জানা গেছে, এটি গুরুতর কোনো চোট নয়। শুধু পেশিতে টান লেগেছে। তাই হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি পুরোপুরি ফিট হয়ে নামতে পারেন।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আঙুলে ছোট ফাটল ধরা পড়লেও অস্ত্রোপচারের দরকার হয়নি। তিনি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। মিডফিল্ডার নিকো পাজের বাঁ হাঁটুতে ব্যথা রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে কিছু সুখবরও আছে। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর চোট থেকে অনেকটাই সেরে উঠেছেন এবং পুনর্বাসনের শেষ ধাপে রয়েছেন। ফরোয়ার্ড হুলিয়েন আলভারেজও গোড়ালির সমস্যা কাটিয়ে দ্রুত ফিরছেন। উইঙ্গার নিকোলাস গঞ্জালেসের পেশির টিয়ারের কারণে প্রস্তুতি ম্যাচে খেলার সম্ভাবনা খুব কম।

ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলের গ্রেড-২ টিয়ারের কারণে উদ্বোধনী ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে নাহুয়েল মলিনার চোট তুলনামূলক হালকা, তাই তিনি সময়মতো ফিট হয়ে যেতে পারেন। থিয়াগো আলমাদা শুধু ক্লান্তির কারণে পেশির টানে ভুগছেন, তিনিও বিশ্বকাপের আগে সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।