ঈদুল আজহার ছুটির শেষ দিনেও রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে হাজারো মানুষ ভিড় করেন দেশের অন্যতম জনপ্রিয় এই বিনোদনকেন্দ্রে। বাঘ, সিংহ, হাতি, জিরাফ, জেব্রা, ভাল্লুক, বানর ও বিভিন্ন প্রজাতির পাখি দেখতে শিশু থেকে বয়স্ক সবার মধ্যেই ছিল ব্যাপক আগ্রহ। প্রাণীদের এক ঝলক দেখার জন্য বিভিন্ন খাঁচার সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা যায় দর্শনার্থীদের।রোববার (৩১ মে) সরেজমিনে জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা যায়, প্রবেশ ফটক থেকে শুরু করে ভেতরের প্রায় প্রতিটি অংশেই মানুষের ভিড়। ছুটির শেষ দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিশুদের হাত ধরে বাবা-মা, দলবেঁধে আসা তরুণ-তরুণী এবং পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো চিড়িয়াখানা।
বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে প্রাণীটিকে দেখছিলেন মোহাম্মদপুর থেকে আসা তরিফুল ইসলাম। তিনি বলেন, বাচ্চাদের অনেক দিনের ইচ্ছা ছিল চিড়িয়াখানায় আসার। ঈদের ছুটির শেষ দিন হওয়ায় তাদের নিয়ে চলে এসেছি। বাঘ ও সিংহ দেখেই তারা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে।
হাতির আবাসস্থলের সামনে দেখা যায় শিশুদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। বাবা-মায়ের কাঁধে চড়ে কিংবা হাত ধরে দাঁড়িয়ে তারা বিশাল আকৃতির প্রাণীটিকে দেখছে। মিরপুর থেকে আসা সুরাইয়া আক্তার বলেন, আমার ছেলে বইয়ে হাতি দেখেছে, টেলিভিশনেও দেখেছে। কিন্তু সামনে থেকে দেখে ওর আনন্দের শেষ নেই।জিরাফের খাঁচার সামনেও ছিল মানুষের ভিড়। লম্বা গলা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রাণীটিকে দেখে ছবি তুলতে ব্যস্ত ছিলেন অনেকেই। গাজীপুর থেকে আসা মাবরুর মুন্তাসির বলেন, জিরাফ সব সময়ই আমার পছন্দের প্রাণী। বাচ্চাদের নিয়েও এখানে এসেছি। ওরাও খুব আনন্দ পাচ্ছে।
চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, সিংহের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি। অনেকেই সিংহের চলাফেরা দেখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। প্রাণীটি একবার গর্জন করলে শিশু-কিশোরদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি হয়।