জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ৩১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত ‘জিয়াউর রহমান ওয়ে’ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক দুলুসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
পরিদর্শনকালে শাহ মোজাম্মেল হক বলেন, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে শিকাগো সিটি কাউন্সিলের ডেমোক্রেটিক পার্টির নেতা জোসেফ এ. মুর ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি বেলুন উড়িয়ে সড়কটির নামফলক উন্মোচন করা হয়।
তিনি আরও বলেন, সড়কটির নামকরণের বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমর্থকদের পক্ষ থেকে আদালতে মামলা করা হলেও বিএনপির উদ্যোগে আইনি লড়াইয়ের মাধ্যমে সড়কটির নাম সংরক্ষণ করা সম্ভব হয়েছে। পূর্বে সড়কটির নাম ছিল ‘ক্লাব স্ট্রিট’। বর্তমানে এটি ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে পরিচিত।
ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “বিদেশের মাটিতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা একটি সড়ক পরিদর্শন করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। তবে একই সঙ্গে আবেগাপ্লুতও বোধ করছি, কারণ ৩০ মে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী।”
তিনি জানান, শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৩০ মে শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া তার কর্মময় জীবন ও অবদান নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
ডা. ডোনার আরও জানান, শহীদ জিয়ার আদর্শ ও স্মৃতিকে ধারণ করতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।