ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
সময়: ১২:১৯:১৭ AM

ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.গেম
02-07-2026 06:07:53 PM
ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে আয়োজিত কেন্দ্রীয় ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

ছাত্রদলের মাসব্যাপী ঘোষিত পূর্ণাঙ্গ কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো-

১৫ জুলাই (বুধবার): ছাত্রদলের উদ্যোগে টিএসসি অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা।

১৬ জুলাই (বৃহস্পতিবার): চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ। উক্ত সমাবেশে দুই বিভাগের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগ ব্যতীত সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

১৮ জুলাই (শনিবার): বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিশেষ কর্মসূচি।

২০ জুলাই (সোমবার): গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা।

২১ জুলাই (মঙ্গলবার): ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ঘটনাবলীর ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথ নাটক অনুষ্ঠিত হবে।

২২ জুলাই (বুধবার): জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারাদেশের সকল ইউনিটে দোয়া ও মিলাদ মাহফিল।

২৪ ও ২৫ জুলাই (শুক্রবার ও শনিবার): ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারাদেশের সকল ইউনিটের নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।

৩ আগস্ট (বৃহস্পতিবার): কর্মসূচির সমাপনী দিনে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে বিশাল ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

ছাত্রদলের শীর্ষ নেতৃদ্বয় জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে এবং ফ্যাসিবাদের চিরতরে অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ছাত্রদল রাজপথে সর্বদা সচেষ্ট থাকবে। ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা।