ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬,
সময়: ১১:৫০:৪০ PM

দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে:দুদু

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.গেম
06-07-2026 07:43:21 PM
দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে:দুদু

ব্যক্তিগত মান-অভিমান কিংবা কে কী পেলেন এসব বিষয়কে বড় না করে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে কৃষক-শ্রমিকের পাশে দাঁড়াতে হবে, বেকারত্ব কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং দেশে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী করতে হবে।’ সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ২০১১ সালের ৬ জুলাই জাতীয় সংসদের সামনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম এই সভার আয়োজন করে।শামসুজ্জামান দুদু বলেন, ‘এখন এমন একটি সময় এসেছে, যখন তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত অভিমান কিংবা কে কী পেলেন, সেটি বড় বিষয় নয়; সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। কৃষক, শ্রমিক ও বেকারদের দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিতে হবে।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘একটি বিশেষ মহল সরকার, বিএনপি এবং দলটির নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই একসঙ্গে থাকলে যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করা সম্ভব।’

২০১১ সালে জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর হামলার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত ন্যক্কারজনক। ওই হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে দেশে গণতন্ত্রের পূর্ণ বিকাশের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হবে।’তিনি আরও বলেন, ‘অতীতে বিএনপির সভা-সমাবেশ করা ছিল অত্যন্ত কঠিন। সভা শেষে কে বাড়ি ফিরবেন আর কে কারাগারে যাবেন— এমন অনিশ্চয়তার মধ্যেও নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছেন।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থ বা প্রাপ্তির চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কোনো বিকল্প নেই।’

আলোচনা সভায় সংসদ সদস্য শাম্মী আক্তার, আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ইসমাইল হোসেন সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।