ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬,
সময়: ০৬:২৯:১৮ PM

নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির :রিজভী

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
19-07-2026 05:40:07 PM
নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির :রিজভী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে কে অংশ নিতে পারবেন আর কে পারবেন না—সেটি আদালত ও নির্বাচন কমিশনের (ইসি) বিষয়। আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা ঠেকাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রিজভী বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের অবস্থান বিএনপির বিবেচ্য বিষয় নয়। বর্তমানে প্রচলিত আইন এবং নতুন প্রণীত আইনের আলোকে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের।

বিএনপির প্রার্থী বাছাই প্রসঙ্গে তিনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত হবে। তাই দলের প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়ন বা সমর্থন সবার জন্য উন্মুক্ত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে এখনো দলের কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দলের জাতীয় কাউন্সিল বা সম্মেলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব ইতোমধ্যে সম্মেলন আয়োজনের বিষয়ে কথা বলেছেন। সম্মেলন অনুষ্ঠিত হবে, তবে কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তারিখ নির্ধারণ হলে দল আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেবে।