ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সময়: ০৮:৩৬:৫৫ AM

পরিবর্তন অর্থবহ না হলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
20-07-2026 05:40:41 PM
পরিবর্তন অর্থবহ না হলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৮ বছর আন্দোলন করে দেশে যে পরিবর্তন আনা হয়েছে, তা অর্থবহ করতে না পারলে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এই মুহূর্তে গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এলেও বর্তমানে মাদক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।সোমবার (২০ জুলাই) গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাদকবিরোধী অবস্থান নির্ধারণ করা। সরাসরি সত্য কথা বলার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিগত সরকার ছিল ফ্যাসিস্ট ও শতভাগ গণবিরোধী একটি সরকার। সেই সময়ও মাদক ছিল, এখনো আছে।

নিজের এলাকার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যে গলির মধ্যে থাকি, সেখানে মাদকের সংখ্যা এতটা ভয়াবহ রূপ নিয়েছে যে চলাফেরা করা কঠিন, কিছু বলাও যাচ্ছে না। স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে অবস্থানের অঙ্গীকার করলেও অলিগলির এই ভয়াবহ চিত্র যদি সারাদেশের হয়ে থাকে, তবে দেশ একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।

মাদক শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, আন্দোলন, পরিবর্তনসহ সব অর্জন ধ্বংস করে দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, তরুণ-তরুণীদের মাদক থেকে কীভাবে মুক্ত করা যায়, সেই উদ্যোগ নিতে হবে। মাদকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অত্যন্ত ক্ষমতাশালী ও বিত্তবান হওয়ায় তারা যে কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারে।শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান নতুন দেশ গড়ার যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে যে কোনোভাবে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পিরোজপুর জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজ্জাম্মেল হক, জিয়া নাগরিক সংসদের সিনিয়র সহ সভাপতি ডা. আনিসুল আউয়ালসহ আরও অনেকে।