পরাজিত শক্তির পুনরুত্থান ঘটলে দেশে কেউ স্থির ও নিরাপদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসের আবহ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না। বরং সেই ঘোলা পানিতেই তারাই তলিয়ে যাবেন।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করে যাচ্ছে। জনগণের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি ধারাবাহিকভাবে কাজ করছে। তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে অপপ্রচার, মিথ্যাচার কিংবা কলঙ্ক ছড়ানোর রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “কলঙ্ক ও মিথ্যাচারের পরিবেশ তৈরি করবেন না। আপনারা হয়তো মনে করছেন এতে বিএনপির ক্ষতি করতে পারবেন। কিন্তু বাস্তবে আপনারাই নিজেদের জন্য গর্ত খুঁড়ছেন, যার পরিণতি একসময় নিজেরাই উপলব্ধি করবেন। বিএনপির কোনো ক্ষতি হবে না; বরং বিপদ আপনাদের দিকেই ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে।”
রিজভী আরও বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার যে অপচেষ্টা চলছে, তা জনগণ ভালোভাবেই বুঝতে পারছে। জনগণ এখন অনেক সচেতন। তারা কোনো ষড়যন্ত্র বা উসকানিতে বিভ্রান্ত হবে না। গণতান্ত্রিক রাজনীতির ধারাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণের শক্তিতেই প্রতিহত হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও প্রতিবাদের আদর্শ ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, নজরুলের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ জরুরি। সমাজে সম্প্রীতি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল হকসহ জেলা প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক, প্রেম ও সাম্যের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।