ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬,
সময়: ০২:৫৫:০৪ AM

হামলা হলেই প্রতিরোধ হবে :শফিকুর রহমান

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
31-07-2026 09:24:49 PM
হামলা হলেই প্রতিরোধ হবে :শফিকুর রহমান

যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এনসিপি নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি নাগরিক ও দলের কথা বলার অধিকার এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার রয়েছে। নাগরিকদের এই মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ সময় আইনের রক্ষক হয়েও সরকারি দলের নেতারা ভক্ষকের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি।

সিলেট ও হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, যেখানেই হামলা হবে, সেখানেই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, এই হামলার ঘটনায় এরইমধ্যে এনসিপির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে সরকার নিজের দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন কী ধরনের আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে, পুরো দেশবাসী তা দেখার অপেক্ষায় রয়েছে।

এনসিপি নেতাদের বিরুদ্ধে উল্টো চুরির মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল ও ভিন্নমতের ওপর এ ধরনের হয়রানি এবং মিথ্যা মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামনে আবারও এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে হামলার আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার অপচেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।