দেশে গ্যাস নিয়ে তৈরি হওয়া সমস্যা সমাধানের সরকার চেষ্টা করছেন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট সমাধানে আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে ১০ বছর মেয়াদি একটি জ্বালানি পরিকল্পনা উপস্থাপন করবেন। । একই সঙ্গে বর্তমান সংকট সমাধানে তিনি বিরোধীদলের কাছে তিন মাসের পরিকল্পনা চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।’
এ সময় বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।’