ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৯:০০:৪৫ PM

তারেকের বন্দিত্ব দেশি-বিদেশি চক্রান্ত: রিজভী

স্টাফ রিপোটার।।ঢাকাপ্রেস২৪.কম
02-09-2026 07:54:31 PM
তারেকের বন্দিত্ব দেশি-বিদেশি চক্রান্ত: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান যখন রাজনীতিতে নবীন ছিলেন, তখন তাকে বন্দি করার মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতিকে দুর্বল করে দেওয়া, যাতে তা আর কোমর সোজা করে দাঁড়াতে না পারে।তিনি বলেন, এটি কোনো ছোটখাটো বা কেবল দেশীয় ষড়যন্ত্র ছিল না; বরং দেশি ও আন্তর্জাতিক চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে বন্দি করা ওই যৌথ চক্রান্তেরই অংশ ছিল। তার দাবি, জিয়াউর রহমানের কৃতিত্ব, সততা, নিষ্ঠা, উৎপাদন ও উন্নয়ন, পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঐতিহাসিক অর্জনের ধারাবাহিকতা বহন করছেন তারেক রহমান।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দুর্ভিক্ষ, লুটপাট, সহিংসতা, বিরোধী দল দমন, রক্তপাত এবং পত্রিকা ও রাজনৈতিক দল বন্ধের মধ্য দিয়ে দেশকে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, সেখান থেকে জিয়াউর রহমান গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন এবং মানুষ নির্ভয়ে কথা বলা ও মতপ্রকাশের সুযোগ পায়।

রিজভী বলেন, আল্লাহর সহায়তা ও জনগণের সমর্থন থাকলে কোনো ষড়যন্ত্রই কাউকে পরাস্ত করতে পারে না। তার দাবি, তারেক রহমানকে শুধু মানসিকভাবে হয়রানি বা কারাবন্দি করা হয়নি, তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের ক্ষত তিনি এখনও বহন করছেন বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করে আসছেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন রিজভী।

তার ভাষ্য অনুযায়ী, তৃণমূলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি গুম, হত্যা ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন। ‘আমরা বিএনপি পরিবার’ এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়মিত সহায়তা ও সহানুভূতি দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী আরও বলেন, তারেক রহমানকে নিয়ে অতীতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে এবং এখনও তা চলছে। তবে জনগণ এখন দেখছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি শুধু ঘরে বসে সময় কাটাচ্ছেন না; বরং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করছেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।