ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
সময়: ০৮:৫১:০০ PM

বারবার গণতন্ত্র ফিরিয়েছে বিএনপি: আলতাফ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
03-09-2026 11:12:22 AM
বারবার গণতন্ত্র ফিরিয়েছে বিএনপি: আলতাফ

বিএনপির হাত ধরেই দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি।বুধবার (২ সেপ্টেম্বর) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বিএনপির জন্ম না হলে দেশে গণতন্ত্রের জন্ম হতো না। বিএনপির হাত ধরেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।” তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও দলটি গণতন্ত্র রক্ষায় কাজ করবে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, বরিশাল ব্রজ মোহন (বিএম) কলেজের সাবেক ভিপি মো. জাফর ইমাম সিকদার এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

সভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল গনি মুনির খন্দকার, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।