ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬,
সময়: ০৬:১৩:৫৫ PM

কাউন্টি মডেলে ঘরোয়া ক্রিকেট সাজাতে চান তামিম

এমডি আসাদুল্লাহ,সিনিয়র রিপোটার।। ঢাকাপ্রেস২৪.কম
30-04-2026 09:03:14 PM
কাউন্টি মডেলে ঘরোয়া ক্রিকেট সাজাতে চান তামিম

দেশের ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ অংশের খেলোয়াড়রা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, এমন বাস্তবতা সামনে এনে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। নিচের ধাপের ক্রিকেটারদের জন্য আরও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করতে নতুন উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বিসিবি এমনভাবে ডিজাইন করা আছে, যারা জাতীয় দলে খেলছেন, তারাই বিপিএল, এনসিএল, বিসিএলে খেলছেন। কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে যারা খেলছেন, লিগ ছাড়া তাদের কোনো খেলাই নেই।আমরা তাদেরকে কোনো প্লাটফর্ম করে দেইনি। তাই তাদের জন্য কিছু একটা করে দিতে চাই।

এই সমস্যার সমাধানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মডেল অনুসরণের পরিকল্পনা করছে বিসিবি।

তামিম জানান, ‘ইংলিশ কাউন্টি ক্রিকেটে প্রতিটি কাউন্টি টিমে ফার্স্ট ইলেভেনের পাশে সেকেন্ড ইলেভেন টিম আছে।

এনসিএলে প্রতিটি বিভাগের জন্য একটি ফার্স্ট ইলেভেনের পাশে একটি সেকেন্ড ইলেভেন টিম করতে চাইছি। প্রথম একাদশের টিমগুলোর ম্যাচগুলো ৪ দিনের, তবে সেকেন্ড ইলেভেনের টিমগুলোর ম্যাচ হবে ৩ দিনের।’
নতুন এই কাঠামোতে সেকেন্ড ইলেভেনের খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি চালুর কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে দলবদলের সুযোগ থাকবে বলে উল্লেখ করেন তামিম।

তিনি যোগ করেন, ‘সেকেন্ড ইলেভেনের জন্যও ন্যূনতম ম্যাচ ফি থাকবে। সেকেন্ড ইলেভেন থেকে ফার্স্ট ইলেভেনে খেলার জন্য তারা চ্যালেঞ্জ নেবে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ইনজুরি থেকে সেরে উঠে কিন্তু সরাসরি কাউন্টির ফার্স্ট ইলেভেনে খেলেননি। তিনি সেকেন্ড ইলেভেনে খেলে জাতীয় দলে ফিরেছেন।’

এ বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে জানিয়ে তামিম বলেন, ‘এর জন্য আমরা বাজেট তৈরি করছি। এ বছর থেকে দেখতে পারবেন।’