বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর শুরুটা হয়েছিল অস্বস্তিকর। আগের দুই রাউন্ডে মোসাদ্দেক হোসেনের দলকে হারতে হয়েছিল।তবে তৃতীয় রাউন্ডে এসে জয়ের ধারায় ফিরেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আবাহনীর বোলারদের দৃঢ়তায় ব্রাদার্স ইউনিয়নকে ১১৭ রানে অলআউট করে ১৬৬ রানের বড় জয় তুলে নিয়েছে আবাহনী।পিকেএসপির দুই নম্বর মাঠে রোববার মুখোমুখি হয়েছিল আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন। আবাহনীর দেওয়া ২৮৪ রানের জবাবে খেলতে নেমে ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলতেই বৃষ্টি নামে।আর তাতেই খেলা বন্ধ হয়ে যায়। ফলে আবাহনী ও ব্রাদার্সের ম্যাচটি গড়ায় রিজার্ভডেতে। সোমবার ৯ উইকেট হাতে রেখে শুরু করেছিল ব্রাদার্স। কিন্তু আবাহনীর বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ব্রাদার্স। সোমবা সকালে ১২৮ রান তুলতেই তারা হারায় বাকি ৯ উইকেট। ওপেনার জাহিদুজ্জামানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। সবমিলিয়ে ব্রাদার্স করতে পারে ১৭৭ রান।
আবাহনীর বোলারদের মধ্যে খালেদ আহমেদ, রোহান-উদ-দৌলা বর্ষণ, রাকিবুল হাসান, সৌম্য সরকার ও মাহফিজুর রাব্বি প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন।
আগে ব্যাটিং করে আবাহনী ৬ উইকেটে তুলেছিল ২৮৩ রান। মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ চার ও ২ ছক্কায় মাহিদুল নিজের ইনিংসটি সাজান। এছাড়া মোসাদ্দেক খেলেন ৬২ এবং শেখ মেহরাব হোসেন খেলেন ৭৭ রানের ইনিংস।