বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে একটি প্রচলিত বাস্তবতা রয়েছে—রাজনীতি শুধু আদর্শের লড়াই নয়, এটি অনেকের জন্য স্বপ্ন পূরণেরও একটি পথ। যেমন একজন শিক্ষার্থী ছোটবেলা থেকে লেখাপড়া করে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে একটি ভালো চাকরি, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক স্বচ্ছলতার প্রত্যাশা করে, তেমনি একজন রাজনৈতিক কর্মীও বছরের পর বছর আন্দোলন-সংগ্রাম করে দলীয় পদ-পদবি, জনপ্রতিনিধিত্ব কিংবা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার আশায় রাজনীতিতে সময় ব্যয় করেন।
কিন্তু বাস্তবতা সব সময় প্রত্যাশার সঙ্গে মিলে না। উচ্চশিক্ষা গ্রহণের পরও যখন একজন মানুষ চাকরি পান না, তখন তার জীবনে যেমন হতাশা নেমে আসে, তেমনি দীর্ঘ রাজনৈতিক জীবনের পরও কাঙ্ক্ষিত মূল্যায়ন না পেলে একজন রাজনীতিকের মধ্যেও জন্ম নেয় ক্ষোভ, হতাশা ও অনীহা। বর্তমানে বিএনপির অভ্যন্তরে এমন একটি মনস্তাত্ত্বিক বাস্তবতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দলের তৃণমূলের অনেক নেতাকর্মীর ভাষ্য, গত ১৭ বছর ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে যারা সামনের সারিতে ছিলেন, মামলা-হামলা, গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের অনেকেই এখন নিজেদেরকে উপেক্ষিত মনে করছেন। রাজনৈতিক অঙ্গনে একটি প্রচলিত মন্তব্য হলো—“যারা দলকে ভালোবেসে মাঠে ছিল, তারা এখন ঘরে ঢুকেছে; আর যারা একসময় ঘরে ছিল, তারা এখন মাঠে খেলছে। এটাই নিয়তির খেলা।”
দীর্ঘ সময় ধরে রাজপথে সক্রিয় থাকা বহু নেতা আশা করেছিলেন, রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন হবে। কিন্তু বাস্তব চিত্র অনেক ক্ষেত্রে ভিন্ন। ফলে তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাদের অনুসারী ও কর্মীরা।
বিএনপির প্রবীণ ও পরীক্ষিত নেতাদের মধ্যে অনেকেই দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, শামসুজ্জামান দুদু,মোয়াজ্জেম হোসেন আলাল, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, সাইফুল আলম নীরবসহ আরও অনেক নেতা। দলীয় সূত্র এবং তৃণমূলের নেতাকর্মীদের মতে, এসব নেতার অনেকেই বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে, অনেকেই কারাবরণ করেছেন, আবার কেউ কেউ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। হারিয়েছেন কষ্টে অর্জিত ধন-সম্পদ।
"তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এসব নেতার একটি অংশ নিজেদেরকে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু থেকে ক্রমশ দূরে সরে যেতে দেখছেন বলে অভিযোগ রয়েছে। তাদের অনুসারী ও কর্মীদের দাবি, দুঃসময়ে যারা দলের হাল ধরে রেখেছিলেন এবং রাজপথে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও অবদানকে আরও বেশি গুরুত্ব ও মূল্যায়ন করা উচিত ছিল।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেকোনো রাজনৈতিক দলের জন্য প্রবীণ ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সংকট মোকাবিলার সক্ষমতা একটি দলের শক্তি বৃদ্ধি করে। একই সঙ্গে নতুন নেতৃত্বের বিকাশের পাশাপাশি পুরোনো নেতাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা দলীয় ঐক্য ও স্থিতিশীলতার জন্য জরুরি।
তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন, শিক্ষিত বেকার যুবকদের মতোই দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা কিছু রাজনৈতিক নেতা আজ এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা যেমন প্রত্যাশিত রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে পারেননি, তেমনি সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রেও নিজেদের অবদান অনুযায়ী মূল্যায়ন পাচ্ছেন না বলে মনে করছেন।
তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, দল বর্তমানে একটি পুনর্গঠন ও পুনর্বিন্যাস প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে নতুন ও পুরোনো নেতৃত্বের মধ্যে সমন্বয় ঘটিয়ে দলকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
রাজনীতির বাস্তবতা সবসময় সমান থাকে না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণও বদলে যায়। কিন্তু যারা দীর্ঘ বছর ধরে আদর্শ ও দলের জন্য সংগ্রাম করেছেন, তাদের অবদানকে স্মরণ রাখা এবং যথাযথ সম্মান দেওয়া একটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলেই মনে করেন পর্যবেক্ষকরা। অন্যথায় দীর্ঘদিনের কর্মী ও নেতাদের মধ্যে হতাশা বৃদ্ধি পেতে পারে, যা দলের সাংগঠনিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বর্তমানে বিএনপির অভ্যন্তরে প্রবীণ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন নিয়ে যে আলোচনা চলছে, তা ভবিষ্যতে দলীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। কারণ রাজনীতিতে ত্যাগ, নিষ্ঠা ও দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি শুধু ব্যক্তির জন্য নয়, পুরো সংগঠনের মনোবল বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।