ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬,
সময়: ১১:৪০:২২ PM

সরকারের মন্ত্রিসভায় পরিবর্তনের গুঞ্জন

মান্নান মারুফ
02-06-2026 11:32:52 AM
সরকারের মন্ত্রিসভায় পরিবর্তনের গুঞ্জন

সরকার ও দল পরিচালনার মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে বিএনপিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের আলোচনা চলছে। দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শিগগিরই মন্ত্রিসভায় আংশিক রদবদল হতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচিত ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

দলীয় সূত্রগুলো বলছে, মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে সিনিয়র নেতাদের মধ্য থেকে কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। সম্ভাব্য আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক এবং এবিএম মোশাররফ হোসেন। এছাড়া অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব হিসেবে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নামও আলোচনায় রয়েছে। তবে মন্ত্রিসভায় পরিবর্তন কবে হবে কিংবা নতুন সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারের দায়িত্বে থাকা বিএনপির অনেক শীর্ষ নেতা একই সঙ্গে দলীয় রাজনীতির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন। ফলে প্রশাসনিক কার্যক্রম এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্ন সামনে এসেছে। দলটির নীতিনির্ধারক মহল মনে করছে, সরকার পরিচালনা ও দলীয় সংগঠনকে সমানভাবে শক্তিশালী রাখতে দায়িত্বের স্পষ্ট বিভাজন প্রয়োজন।

এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ থেকে মন্ত্রী ও সংসদ সদস্যদের সরিয়ে নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি করার চিন্তাভাবনা চলছে। সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংগঠনের বিভিন্ন স্তরে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতি আসবে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য ছিল দায়িত্বের বিকেন্দ্রীকরণ এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ। দলীয় প্রবীণ নেতাদের মতে, তাঁর সময়েই সরকার ও দলের দায়িত্ব আলাদা রাখার একটি কার্যকর সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল। যারা মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন, তারা সাধারণত জেলা বা স্থানীয় পর্যায়ের সাংগঠনিক পদে থাকতেন না। এর ফলে একদিকে প্রশাসনিক কাজে মনোযোগ বৃদ্ধি পেত, অন্যদিকে সংগঠনে নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হতো।

এই দর্শনের ধারাবাহিকতায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ২০১৬ সালে ‘এক নেতা এক পদ’ নীতি গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়। যদিও পরবর্তী সময়ে রাজনৈতিক বাস্তবতা ও সাংগঠনিক প্রয়োজনের কারণে অনেক নেতা একাধিক দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমানে সরকার ও দলের কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে নীতিটি বাস্তবায়নের বিষয়ে নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা বর্তমানে সংসদ সদস্য বা মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজীব আহসান।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব সাংগঠনিক ইউনিটে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। নতুন নেতৃত্বকে সামনে আনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

একইভাবে জেলা ও মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ পদেও একাধিক সংসদ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবীব দুলু, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্যাহ, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এ ছাড়া জেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নীলফামারী জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল।

দলীয় নীতিনির্ধারকদের মতে, একজন নেতা যখন একই সঙ্গে সরকার ও দলের গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন, তখন অনেক ক্ষেত্রেই সময় ও মনোযোগের সীমাবদ্ধতা তৈরি হয়। ফলে প্রশাসনিক ও সাংগঠনিক উভয় ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফল অর্জন কঠিন হয়ে পড়ে। এ কারণে দায়িত্ব বণ্টনের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমানের সময়ে দল ও সরকারের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য বজায় রাখা হতো। যারা মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন, তারা অনেক সময় জেলা পর্যায়ের সভাপতি বা সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়ে অন্যদের নেতৃত্বের সুযোগ করে দিতেন। এতে সংগঠনে নতুন নেতৃত্ব তৈরি হতো এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হতো।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স এখনও খুব বেশি নয়। সময়ের সঙ্গে সঙ্গে সরকার ও দলের কার্যক্রমের মধ্যে আরও সমন্বয় প্রতিষ্ঠিত হবে। অতীতে বিভিন্ন কারণে অনেক নেতা একাধিক দায়িত্ব পালন করলেও ভবিষ্যতে ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন আরও দৃশ্যমান হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি কার্যকরভাবে এই নীতি বাস্তবায়ন করতে পারে, তাহলে দলীয় কাঠামোয় নতুন নেতৃত্বের উত্থান ঘটবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। একই সঙ্গে সরকারে দায়িত্ব পালনকারী নেতারা প্রশাসনিক কার্যক্রমে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। এতে সরকার ও দলের মধ্যে সমন্বয় যেমন বাড়বে, তেমনি সাংগঠনিক দক্ষতাও বৃদ্ধি পাবে।

তবে নীতিটি বাস্তবায়নের ক্ষেত্রে দলীয় ঐক্য, সাংগঠনিক বাস্তবতা এবং রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী নেতাদের পরিবর্তে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা একটি সময়সাপেক্ষ ও সংবেদনশীল প্রক্রিয়া।

সব মিলিয়ে, মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন এবং বিএনপির সাংগঠনিক পুনর্বিন্যাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও দলীয় সূত্রগুলো মনে করছে যে সরকার ও সংগঠনের মধ্যে দায়িত্বের ভারসাম্য নিশ্চিত করতে শিগগিরই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিএনপির সাংগঠনিক কাঠামো এবং সরকার পরিচালনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।